সব জেলাতেই আছে লড়াকু কিশোর প্রোগ্রামার

২৬ জুন, ২০২০ ১৬:৪৯  
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ভালোভাবেই তৈরি হচ্ছে নতুন প্রজন্ম। করোনাও স্তিমিত করতে পারেনি এই কিশোর প্রোগ্রামারদের আগ্রহকে। ‘জানুক সবাই দেখাও তুমি’ স্লোগানে অনলাইনে এ বছরের জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় এবার সব জেলা থেকেই অংশ নিতে যাচ্ছে কিশোর প্রোগ্রামাররা। অনলাইন আবেদনের মাত্র তিন দিনেই ৬৫ জেলা থেকে প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করেছেন মোট ৫ হাজার ৪৭৭ কিশোর। আর এর মাধ্যদিয়েই এই দুর্যোগেও আশার ঝিলিক দেখাচ্ছে নতুন প্রজন্ম। কিশোর প্রোগ্রামারদের লড়াকু মনোভাব। গত ২২ জুন অনলাইনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর পরদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে নাম নিবন্ধন শুরু করে খুদে প্রোগ্রামাররা। তিন দিনের নিবন্ধন সময়ে প্রতিটি জেলা থেকেই আবেদন জমা পড়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিযোগিতার অন্যতম আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কস (বিডিওএসএন) এর অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম অফিসার তাপস হালদার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছরের প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা থেকে ১,৮৫৮ জন, চট্টগ্রাম থেকে ১,১৩০ জন, রাজশাহী থেকে ৬৪৪ জন, খুলনা থেকে ৫৩৬ জন, রংপুর থেকে ৫২৪ জন, সিলেট থেকে ৩৫৮ জন, ময়মনসিংহ থেকে ২৬৬ জন এবং বরিশাল থেকে ১৫৫ জন আবেদন করেছে। খুদে এই প্রতিযোগীদের বিষেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করলেই তারা অনেক কিছু করে ফেলতে পারে। এর পাশাপাশি যদি তাদের জন্য কিছু করা যায় তাহলে কাজটা অনেকখানি এগিয়ে যায়। তিনি আশা প্রকাশ করেছেনন হাইস্কুলের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতা আগামীতে ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশর অবস্থান আরও উজ্জ্বল করে তুলবে। প্রসঙ্গত, দেশের হাই স্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের
 উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক পরিমন্ডলের সঙ্গে সংগতি রেখে এই কার্যক্রমকে জাতীয় হাই স্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতা (National High School Programing Contest-NHSPC) হিসাবে অভিহিত করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ আরও নানান আয়োজন করা হয়ে থাকে। ২০২০ সালের আয়োজনে থাকছে অনলাইন প্রস্তুতি প্রতিযোগিতা, অনলাইন মহড়া প্রতিযোগিতা, অনলাইন বাছাই প্রতিযোগিতা ও জাতীয় প্রতিযোগিতা।